প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:০৫ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খানজাহান আলী হলের ডাইনিং এলাকা থেকে ১.৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে খানজাহান আলী থানার পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে হলটির ডাইনিংয়ে কর্মরত মিরাজ(২৮) এর কক্ষ থেকে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।
ঘটনার বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস জানান, তিনি বিষয়টি আগে জানতেন না, তবে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় একটি চক্র জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে সহায়তা চাওয়া হবে।
থানার উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক জানান, ওয়ার্ড বয় মিরাজের কাছ থেকে মোট ১২০টি প্লাস্টিক প্যাকেট উদ্ধার করা হয়েছে, যাতে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা ছিল। এর মধ্যে ৫০ গ্রামের ১৬টি প্যাকেট এবং বাকি ৭০টি প্যাকেটের প্রতিটির ওজন ছিল ১১.৫ গ্রাম। আটক মিরাজকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ