প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:৪৮ পিএম

গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সরকারিভাবে সংস্কারের অপেক্ষায় থাকা লোকজন বাধ্য হয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে স্থানীয় তরুণ যুবসমাজ।
ভাটেরচরের ‘হিলফুল ফুজুল’ যুব সংগঠনের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বড়ইকান্দি ভাটেরচর বাসস্ট্যান্ড থেকে নদীর পাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তার আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করে এবং রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে।
শুক্রবার (৮ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, খানাখন্দে ভরা রাস্তাটির বিভিন্ন স্থানে তারা ইটের খোয়া, বালু ও মাটি ভরাট করছেন। স্থানীয়দের পথ চলাচলের সুবিধার্থে সংগঠনটি নিজস্ব তহবিল থেকে ইটভাটা থেকে খোয়া, ইট ও বালু ক্রয় করে এনে কাজ করছে।
সংগঠনের সদস্য অ্যাডভোকেট মনিরুজ্জামান সুমন বলেন, “রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল দশায় থাকার কারণে চলাচল করতে স্থানীয়রা দুর্ভোগে ছিলেন। সরকারিভাবে সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা নিজ উদ্যোগে মাঠে নামতে বাধ্য হয়েছি।”
স্থানীয় বাসিন্দা আলী আহম্মদ বলেন, “যুব সমাজের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। যদিও রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামত করা হয়েছে, তবুও এর স্থায়ী সমাধান প্রয়োজন। সংশ্লিষ্টদের দ্রুত কাজ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রকল্প পাঠানো হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ