প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:২৬ পিএম আপডেট: ০৮.০৮.২০২৫ ১:২৪ এএম

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের মারধরে মারাত্মকভাবে আহত হয়েছে এক শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক গাজী মোমিন উদ্দিনের একাধিক থাপ্পড়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী আরিফিন রিফাতের কানের পর্দা ফেটে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, কান পুনরুদ্ধারে তিন মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ অপারেশন করাতে হবে, নতুবা শ্রবণশক্তি হারানোর সম্ভাবনা রয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ফারুকুজ্জামান লিখিত অভিযোগে জানান, গত ৩ আগস্ট অসুস্থ অবস্থায় স্কুলে গেলেও ক্লাস চলাকালে বেঞ্চে শুয়ে থাকায় শিক্ষক রিফাতকে ডেকে কানে একাধিক থাপ্পড় দেন। এতে রিফাতের কানে রক্তপাত শুরু হয় এবং তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. মো. হাসানুজ্জামান কানের পর্দা ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পর অভিযুক্ত শিক্ষক গাজী মোমিন উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে ফোন কেটে দেন। এ বিষয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিবেদন অনুযায়ী শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ