প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১:২৬ পিএম

সংগৃহীত ছবি
মেজর লিগ সকার (এমএলএস) এ একদিনে দুই বিশ্বতারকার আগমন ঘটেছে। দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন রেকর্ড মূল্যে যোগ দিয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসিতে (এলএএফসি), আর বায়ার্ন মিউনিখের কিংবদন্তি টমাস মুলার ফ্রি এজেন্ট হিসেবে পাড়ি জমিয়েছেন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে।
১০ বছর টটেনহ্যামে কাটিয়ে এলএএফসিতে নাম লেখানো সন এখন এমএলএস ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। তাকে দলে নিতে ক্লাবটি ব্যয় করেছে ২২ মিলিয়ন ইউরো (প্রায় ৩১১ কোটি টাকা)। সদ্যসমাপ্ত মৌসুমে সনের দুর্দান্ত নেতৃত্বেই টটেনহ্যাম ইউরোপা লিগ শিরোপা ঘরে তোলে, যা ক্লাবটির দীর্ঘ ১৭ বছরের ট্রফিখরা কাটায়।
২০১৫ সালে বেয়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে আসা সন ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচে করেছেন ১৭১ গোল ও ১০১ অ্যাসিস্ট। এই দক্ষিণ কোরিয়ান তারকা এক দশকের পারফরম্যান্সে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন।
অন্যদিকে, ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে বায়ার্ন মিউনিখ ছাড়লেন জার্মান ফরোয়ার্ড টমাস মুলার। বায়ার্নের একাডেমিতে যাত্রা শুরু করে ২০০৮ সাল থেকে মূল দলে খেলেছেন তিনি। ক্লাবটির হয়ে ৭৫৬ ম্যাচে ২৫০ গোল ও ২৭৬ অ্যাসিস্ট করা এই তারকা ক্যারিয়ারে জিতেছেন সম্ভাব্য সবকিছু—১৩টি বুন্দেসলিগা, ২টি করে চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপসহ বহু শিরোপা। জাতীয় দলের হয়েও ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
এখন মৌসুমের বাকি অংশের জন্য ভ্যাঙ্কুভারে খেলবেন মুলার, পরবর্তী মৌসুমেও তার থাকার সম্ভাবনা রয়েছে।
এর আগে চলতি দলবদলে এমএলএসে যোগ দিয়েছেন আরও এক বিশ্বকাপজয়ী তারকা, রদ্রিগো ডি পল। অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে মেসির ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন তিনি।
স্বদেশ প্রতিদিন/ এমএএম