প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৮:৩১ পিএম

কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, পরিবহন ও বিক্রয় বন্ধে র্যাব-১৫ ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে জব্দ করা হয়েছে ৪৮১ কেজি পলিথিন ব্যাগ। অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী বুধবার (৬ আগস্ট) সকাল থেকে বড় বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৫ সিপিএসসি কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত অভিযানে বেশ কিছু দোকান ও গুদামে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে অভিযুক্ত ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের পরিবেশবিধ্বংসী কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে শহরের লিংক রোড, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন স্থানে র্যাবের চেকপোস্ট বসানো হয়। সেখানে পরিবহন চালক, শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে পলিথিন ব্যবহারের শাস্তি ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।
মেজর নাজমুল ইসলাম বলেন, “গত সপ্তাহে আমরা পলিথিন ব্যবহারের কুফল এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির ক্যাম্পেইন করেছি। এর ইতিবাচক ফল আমরা মাঠে দেখতে পাচ্ছি। তবে আইন প্রয়োগের মাধ্যমে আরও কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।”
এ ধরনের কার্যক্রমে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে র্যাবের উদ্যোগকে সাধুবাদ জানান। র্যাব ও পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে এ অভিযান নিয়মিত চলবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ