
৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি’ ও ‘ছাত্র-জনতার বিজয় দিবস’ উপলক্ষে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বিজয় র্যালি।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টায় জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন তুহিন বলেন, “৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ছাত্র-জনতার অভ্যুত্থান একটি ঐতিহাসিক সত্য, যা দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেছিল। বিএনপি সবসময়ই জনগণের শক্তিকে পাশে নিয়ে এগিয়ে যেতে চায়।”
সভাপতির বক্তব্যে মীর সেলিম ফারুক বলেন, “দেশে বর্তমানে দুঃশাসন, গণতন্ত্রহীনতা ও অর্থনৈতিক সংকট প্রকট। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলবে অবিরাম।”
সঞ্চালক সাইফুল্লাহ রুবেল বলেন, “বিএনপির সংগ্রাম কোনো একক রাজনৈতিক এজেন্ডা নয়, বরং এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আজকের র্যালি সেই বার্তার প্রতীক।”
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ—যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গীর আলম, রেদোয়ানুল হক বাবু, অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, মুক্তার হোসেন, প্রবির গুহ রিন্টু প্রমুখ।
মহিলা দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল ও সাধারণ সম্পাদক নাসরিন আক্তার।
এছাড়াও জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী র্যালিতে অংশ নেন।
বিজয় র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, যেখানে ব্যানার, দলীয় পতাকা, শ্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। র্যালিটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ