প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭:৪৮ পিএম

সংগৃহীত ছবি
মোনালি ঠাকুর বরাবরই নিজের ব্যক্তিগত জীবন গোপন রেখেছেন। মঞ্চে গানে গানে উন্মাদনা ছড়ালেও ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে দেখা যায়নি তাকে। এবার গানের মাধ্যমে নিজের জীবনের যন্ত্রণার কথা সামনে আনলেন এই গায়িকা!
বর্তমানে তার আসন্ন গান ‘একবার ফির’-এর প্রচার নিয়ে ব্যস্ত মোনালি। এই গানে নাকি প্রথমবার নিজের ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিয়েছেন।
উল্লেখ্য, মাত্র ১৩ বছর বয়স থেকে গানের সফর শুরু করেছিলেন বাংলার প্রয়াত অভিনেতা
শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর। তার পরে রিয়েলিটি শো-তে নজর কেড়েছিলেন
তিনি। ২০০৬ সালের পর একাধিক বাংলা ও হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি।
গানের ভিডিওতে দেখানো হবে, মোনালির চরিত্রটি মৌখিক ও শারীরিক হেনস্তার শিকার। কোথাও তাকে চড় মারা হচ্ছে, কোথাও আবার গলা টিপে ধরা হচ্ছে।
গানের ফার্স্ট লুকে ভিডিওর শুরুতে গায়িকা বলেছেন, ‘‘যখন কাছের কেউ আঘাত করে বা প্রতারণা করে, তখন হৃদয় কেঁদে ওঠে। আপনারা তখন ভাবতে থাকেন, কেন আমার সঙ্গেই এমন হলো?’’
তবে সেই ভিডিও শেষ হয়েছে একটি ইতিবাচক বার্তায়। সেখানে গায়িকা বলেন, ‘‘পৃথিবী যতই মনে আঘাত করুক, হার মেনে নেওয়া যাবে না।’’
মোনালির ঘনিষ্ঠ সূত্রের খবর, এই গানের বার্তার সঙ্গে নাকি নিজের জীবনের মিল রয়েছে মোনালির। নিজের জীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই নাকি গানের এই ভিডিও তৈরি করেছেন তিনি। সরাসরি ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি কখনোই।
তবে এবার গানের মাধ্যমেই জানান দিলেন, তিনিও বাস্তবে হেনস্তার শিকার হয়েছিলেন। জানা গেছে, গানটি চলতি মাসের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।