প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:৩২ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তার ভাসুর।
রোববার (৩ আগস্ট) দুপুরে বন্দরের কুশিয়ারা এলাকার একটি নির্জন স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত নদী আক্তার একই এলাকার মিশর প্রবাসী রাসেলের স্ত্রী। অভিযুক্ত রবিউলও একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্বজনরা জানান, কুশিয়ারা এলাকার মিশর প্রবাসী রাসেল গত দেড় বছর আগে বিয়ে করেন মুন্সীগঞ্জ জেলার ইদ্রিসপুর গ্রামের নদী আক্তারকে। এর আগে নদীর আরও ৩ বার বিয়ে হয়। রাসেল তার চতুর্থ স্বামী। তাই রাসেলের পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় তাদের সঙ্গে প্রায় সময় নদীর ঝগড়া হতো। এ নিয়ে রাসেলের সঙ্গে নদীর তালাকও হয়।
স্বজনরা আরও জানান, পরবর্তীতে রাসেল তার বড় ভাই রবিউলের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে পুনরায় নদীকে বিয়ে করেন এবং প্রবাসে চলে যান। তবে রাসেল টাকা ফেরত না দেয়ায় তার স্ত্রী নদী ও বড় ভাই রবিউলের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয়।
রোববার সকালে নদী কাউকে না জানিয়ে স্বামীর বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করলে ভাসুর রবিউল তাকে ছুরিকাঘাত করেন। পরে নিজেই থানা পুলিশের কাছে ঘটনা স্বীকার করে আত্মসমর্পণ করেন।
অভিযুক্তের বরাত দিয়ে বন্দর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, ‘ অভিযুক্ত রবিউল থানায় এসে হত্যার দায় স্বীকার করে। তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম