প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:২৭ পিএম

চাঁদপুরের মতলব উত্তরের চরমাছুয়া এলাকায় ধনাগোদা নদীর বুক দখল করে গড়ে ওঠা অবৈধ রিভারভিউ রেস্টুরেন্ট অপসারণে অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন।
শুক্রবার (১ আগস্ট) সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও মতলব উত্তর থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে রেস্টুরেন্ট মালিকপক্ষকে প্রাথমিকভাবে সতর্ক করে, স্বেচ্ছায় অবৈধ কাঠামো অপসারণের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়।
এর আগে, গত ৪ জুন পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) তিন দিনের মধ্যে রেস্টুরেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো রেস্টুরেন্টটি নিয়মিতভাবে চালু থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, অভিযান চলাকালে নদীর পাড়ে ভিড় জমে যায়। অনেকেই স্বস্তি প্রকাশ করেন। এক প্রবীণ মৎসজীবী বলেন, “সেনাবাহিনী না আসলে এই রেস্টুরেন্ট কোনোদিন সরত না। প্রশাসনের অনেকেই ম্যানেজ ছিল—এটাই সবার কথা।”
অভিযান শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়ে দেয়, এবার অপসারণ না করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ