প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৪৮ পিএম

সিরাজগঞ্জে মালবাহী ট্রাক উল্টে চালক নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে আব্দুল মোনেম কোম্পানির মালবাহী একটি ট্রাক উল্টে চালক নিহত ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
আজ রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মাসুদ মোল্লা, তিনি শরিয়তপুর জেলার বাসিন্দা। আহত হেলপার রাসেল, রায়গঞ্জ উপজেলার নলকা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, দুপুরের দিকে ঘুড়কা বাজার এলাকা অতিক্রম করছিল মালবাহী ট্রাকটি। হঠাৎ বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল এসে সামনে পড়ে। মোটরসাইকেলটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে উল্টে যায় ট্রাকটি। উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকচালক গাড়ির কেবিনে আটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহত হেলপারকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ট্রাকচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সড়ক দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় জনপ্রতিনিধিরা সড়ক নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।