প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:০২ পিএম

গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পল্লি থেকে হাতপায়ে শিকল-বেড়ি লাগানো অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (২ আগস্ট) সকালে কামারদহ ইউনিয়নের বেতগাড়া গ্রামের বাড়ির শয়নঘর থেকে পায়েল খান (২৩) নামের ওই যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ।
স্থানীয়, স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩ নং কামারদহ ইউনিয়নের বেতগাড়া গ্রামের বাসিন্দা আফতার খানের মাদকাসক্ত ছেলে পায়েল খান নেশার কারণে এলাকায় ছোটখাটো চুরির সাথে জড়িত ছিল। এমন নানা কারণে অতিষ্ঠ হয়ে দীর্ঘদিন ধরে পরিস্থিতি সামাল দিতে পরিবারের লোকজন তার হাতেপায়ে শিকল-বেড়ি দিয়ে আটকে রাখে। এমন অবস্থার মাঝেই পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে নিজ শয়নঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই নজরুল ইসলাম লাশের সুরতহালের পর জানান, পায়েল নামের ওই যুবকের লাশ হাত ও পায়ে শিকলের বেড়ি লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পায়েলের স্বজনরা জানান, পায়েল মাদকাসক্ত ছিল। এলাকায় মাঝে মধ্যে সে চুরি করতো। এ কারণে অতিষ্ঠ হয়ে তার হাত ও পায়ে শিকলের বেড়ি লাগানো হয়েছিল। তবে হাত-পায়ে শিকল লাগানো একজন মানুষ কীভাবে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে পারে, এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ উদ্ধারের পর গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।