প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১১:০৭ AM

সংগৃহীত ছবি
নতুন মাতৃত্বের আনন্দ আর জন্মদিনের ভালোবাসায় ভরপুর এক আবেগঘন দিন কাটিয়েছেন বলিউড তারকা কিয়ারা আদবানি। জীবনের ৩৪তম জন্মদিনে ছোট্ট কন্যাকে বুকে জড়িয়ে, স্বামী সিদ্ধার্থ মালহোত্রার বিশেষ আয়োজনে আপ্লুত হয়েছেন তিনি।
গত ১৫ জুলাই প্রথমবারের মতো মা হন কিয়ারা। এরপরই তার জীবনে আসে এক নতুন অধ্যায়। জন্মদিনেও সেই মাতৃত্বের ছাপই ছিল পরতে পরতে। বৃহস্পতিবারের দিনটি পরিবারের স্নেহ আর ভালোবাসায় কেটেছে তার।
যদিও পুরো দিন কিয়ারা সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন, তবে শুক্রবার সকালে ইনস্টাগ্রামে প্রকাশ করেন এক আবেগঘন বার্তা ও একটি বিশেষ থিমের কেকের ছবি। সাদা রঙের কেকটির উপরে ছিল একটি ছোট পুতুল, যা মায়ের কোলে ঘুমন্ত শিশুর রূপে সাজানো। এমন থিমেই কেকটি বানিয়েছেন সিদ্ধার্থ, যা দেখে আবেগ ধরে রাখতে পারেননি কিয়ারা।
তিনি ক্যাপশনে লিখেছেন, “আমার সন্তান, আমার স্বামী, মা-বাবা ও পরিবারের সবার ভালোবাসায় জীবনের সেরা জন্মদিন কাটালাম। নিজেকে সত্যিই আশীর্বাদধন্য মনে হচ্ছে।”
মা হওয়ার পর এটাই ছিল কিয়ারার প্রথম জন্মদিন। তাই দিনটি ছিল বিশেষ অনুভবের। কিয়ারা আরও ধন্যবাদ জানান সকল ভক্ত ও বলিউড সহকর্মীদের, যারা জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক আর ভালোবাসার নতুন রূপ—সব মিলিয়ে জীবনের এক সোনালি সময় উপভোগ করছেন কিয়ারা ও সিদ্ধার্থ।