প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:১৬ AM

বর্ষাকাল এলেই সাপের দেখা মেলে বেশি। অনেকেই সাপকে ভয় পান, আবার অনেকে সাপ নিয়ে কৌতূহলীও হন। এমনই এক সাধারণ প্রশ্ন হলো—সাপ কেন বারবার জিভ বের করে?
আসুন, এ রহস্যের উত্তর জানি—
বেশিরভাগ মানুষ ভাবেন সাপ জিভ বের করে কাউকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু আসলে তা নয়। শুধু সাপই নয়, অনেক সরীসৃপই এই আচরণ করে। এর পেছনে রয়েছে বিশাল এক বৈজ্ঞানিক ব্যাখ্যা।
সাপের দৃষ্টিশক্তি এবং শ্রবণক্ষমতা অত্যন্ত দুর্বল। কিন্তু তার ঘ্রাণশক্তি অসাধারণ। গন্ধ শোঁকার মাধ্যম হিসেবে শুধু নাকই নয়, সাপের চেরা জিভও একটি গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়।
সাপ যখন জিভ বের করে, তখন আশপাশের বাতাসে থাকা ক্ষুদ্র রাসায়নিক কণা জিভে জমা হয়। পরে জিভটি মুখে ঢোকানোর সময় এই কণাগুলো মুখগহ্বরের ছাদের বিশেষ একটি স্থানে পৌঁছায়, যেটিকে বলে ভমেরসনাল সিস্টেম বা জ্যাকবসনের অঙ্গ। এই অঙ্গই সাপকে জানাতে সাহায্য করে আশপাশে কী আছে—শিকার, শত্রু না সঙ্গী।
শুধু সাপই নয়, ঘোড়া, বিড়াল ও কুকুরের মধ্যেও এই ভমেরসনাল অর্গান থাকে। তারাও এই পদ্ধতিতে গন্ধ শনাক্ত করে।
তাই, সাপ যখন বারবার জিভ বের করছে, বুঝতে হবে সে আসলে পরিবেশ বিশ্লেষণ করছে—আপনাকে ভয় দেখাতে নয়।
সূত্র: নিউজ ১৮
স্বদেশ প্রতিদিন/ আরএফ