প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৮:৫৪ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামে ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুইটি বক্স কালভার্ট এখন স্থানীয়দের চোখে ‘অপ্রয়োজনীয় অবকাঠামো’। এই কালভার্টগুলোর আশপাশে নেই কোনো সংযোগ সড়ক। ফলে জনগণের ব্যবহার তো দূরের কথা, ভবিষ্যতে কার্যকারিতার সম্ভাবনাও নেই বলে দাবি করেছেন এলাকাবাসী।
২০২২-২৩ অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায়, প্রায় ৬৯ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে এই দুইটি কালভার্ট নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্স। একটি কালভার্ট নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩৩ লাখ টাকা এবং ৫০ মিটার দূরে আরেকটির নির্মাণে খরচ হয়েছে ৩৭ লাখ টাকা।
স্থানীয়রা বলছেন, এই স্থাপনা জনগণের কোনো কাজে আসছে না। সাতানী গ্রামের বাসিন্দা ইউসুব হাওলাদার ও আবুল বাসার অভিযোগ করেন, সাবেক এমপি এবিএম রুহুল আমীন হাওলাদারের ব্যক্তিগত মসজিদ কমপ্লেক্সে যাতায়াত সুবিধার জন্যই মূলত এই নির্মাণকাজ করা হয়েছে। তাদের দাবি, সংশ্লিষ্ট স্থানে কোনো রাস্তা ছিল না এবং ভবিষ্যতেও কোনো রাস্তা নির্মাণের সরকারি পরিকল্পনা নেই।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হয়েছে এবং প্রকল্পের মূল ডিজাইন অনুসরণ করা হয়নি।
ঠিকাদার মেহেদী হাসান রোহান বলেন, তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশেই কাজ করেছেন এবং অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী বলেন, এটি স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে অন্তর্ভুক্ত প্রকল্প ছিল, তাই তাঁর কিছু করার ছিল না। তিনি জানান, টেন্ডার অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ