প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:০২ পিএম আপডেট: ২৯.০৭.২০২৫ ১১:০৮ PM

সংগৃহীত ছবি
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর পরপরই কেন্দ্র থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
বিলুপ্ত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন গোলাম আকবর খোন্দকার।
মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে, মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাউজান উপজেলার সত্তারঘাট এলাকায় বিএনপির দুপক্ষে তুমুল সংঘর্ষ হয়। এতে আহন হন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারসহ অনেক নেতাকর্মী। সংঘর্ষের এক পর্যায়ে গোলাম আকবর খোন্দকারের গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষের লোকজন এ সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে বলে গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের অভিযোগ।
সংঘর্ষের ঘটনায় বিভিন্ন মহলে আলোচনায় আসার পর সন্ধ্যায় কেন্দ্র থেকে দ্রুত গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বাধীন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।