প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৯:৪৩ পিএম

বিজিবি ৫৫ ব্যাটালিয়ন
হবিগঞ্জে বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় মাদক, গরু ও বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত তিন দিনে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর, তেলিয়াপাড়া এবং চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় চারটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫০ লাখ ৩ হাজার ২৬০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে ১৩৩৯ কেজি জিরা (৪৫ বস্তা), ৫৪০০ কেজি ফুচকা (১২০ বস্তা), ৫৪৮০ পিস বিভিন্ন প্রকার চকলেট, ব্রেক টাইম চকলেট (১০ বক্স), ডার্ক চকলেট (২ বক্স), ডেইরি মিল্ক (৩ বক্স), ৬২৬ প্যাকেট ওরিও বিস্কুট, ১৬ প্যাকেট সনপাপড়ি, ৭২,৮০০ পিস হেলথ ফিট ও আয়ুর্বেদিক ট্যাবলেট, ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট, ১১৮০ প্যাকেট অবৈধ আতশবাজি এবং ৫টি কম্বল।
এ ছাড়া আরও জব্দ করা হয়েছে ৬ বোতল ভারতীয় বিয়ার, ২২৯টি ভারতীয় শাড়ি ও ৬টি গরু। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ ৪ হাজার ৭৬০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে আমাদের সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অভিযানের মাধ্যমে আমাদের অঙ্গীকার এবং কঠোর অবস্থান আরও একবার প্রমাণিত হলো।”