প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৯:৩১ পিএম আপডেট: ২৮.০৭.২০২৫ ৯:৩৬ PM

ঠাকুর চাঁদ মজুমদার
পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতির স্ত্রীকে জাল সনদে কলেজে নিয়োগ দেওয়ার মামলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২২ ডিসেম্বর শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ব্যবহার করে ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক হিসেবে নিয়োগ পান লায়লা পারভীন।
অভিযোগে বলা হয়, কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে একেএমএ আউয়াল ও দাতা সদস্য হিসেবে লায়লা পারভীন ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারের সহায়তায় এই নিয়োগটি পান। এমপিওভুক্ত না থাকা অবস্থায়ও তিনি ২০১৮ সালের ৮ আগস্ট থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত নাজিরপুর সোনালী ব্যাংক শাখা থেকে সরকারি বেতন বাবদ ৩ লাখ ৯৫ হাজার ৪০৬ টাকা উত্তোলন করেন।
এই ঘটনায় দুদকের পিরোজপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সম্রাট বাদী হয়ে আউয়াল, লায়লা পারভীন ও অধ্যক্ষ ঠাকুর চাঁদের বিরুদ্ধে মামলা করেন।
অধ্যক্ষ ঠাকুর চাঁদ হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিলেও, সোমবার সেটির মেয়াদ শেষ হলে শর্ত অনুযায়ী জেলা আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।