প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৯:৪৭ পিএম

শুধু চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের ধরলেই হবে না, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তা না হলে চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
সোমবার (২৮ জুলাই) এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
তাসনিম জারা লেখেন, অপরাধী যেই হোক, তার পরিচয়, প্রভাব বা অতীত ইতিহাস যাই থাকুক, সবাইকে আইনের আওতায় আনতে হবে। চাঁদাবাজি আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুধু বিচ্ছিন্ন কিছু ব্যক্তির বিরুদ্ধে নয়, এটা রাজনৈতিক সংস্কারের লড়াই। রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে তাদের নিজেদের ঘর গোছাতে হবে। আর এখন যারা রাষ্ট্রক্ষমতায়, তাদের দায়িত্ব সবচেয়ে বড়।
তিনি আরো লেখেন, এই সরকার দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কার্যকর ও কঠোর অবস্থান নিতে পারেনি। শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা রাখতে পারেনি, সেই বাস্তবতা ছিল। কিন্তু এক বছর পরেও যদি আপনি সেটা করতে না পারেন, সেটার দায় আপনার।
সবশেষে তিনি লেখেন, তবে এখনও সময় আছে। এই সরকার যদি সাহসী পদক্ষেপ নেয়, রাজনৈতিক প্রভাবশালী হোক বা প্রশাসনিক ক্ষমতাবান, সবাইকে যদি জবাবদিহির আওতায় আনে, তাহলে মানুষ এই সরকারকে শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ