প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:৫৯ পিএম

আনন্দ মিছিল ও সমাবেশ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সদ্য ঘোষিত বিএনপির চারটি ইউনিয়ন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা ও সমর্থকেরা।
আজ সোমবার (২৮ জুলাই) বিকেল পাঁচটায় গজারিয়া থানার প্রধান ফটকসংলগ্ন ভবেরচর বাসস্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় নতুন কমিটিগুলো নিয়ে চলমান অপপ্রচারের প্রতিবাদও জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও বিএনপির মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মুজিবর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুর রহমান সফিক।
সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম রনি, আহসান উল্লাহ, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, যুবদলের আহ্বায়ক অহিদুজ্জামান অহিদ, যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম বাবু, জাসাস জেলা আহ্বায়ক হাসান জাহাঙ্গীর, এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম প্রমুখ।
প্রধান অতিথি মুহাম্মদ মুজিবর রহমান বলেন, “গজারিয়া উপজেলা বিএনপির বর্তমান নেতৃত্ব সাংগঠনিকভাবে অত্যন্ত যোগ্য। গঠনতন্ত্র মেনে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। আমরা এই নতুন কমিটিকে স্বাগত জানাই। একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়ে ঐক্য বিনষ্টের চেষ্টা করছে, যা বরদাশত করা হবে না।”
সভায় উপজেলা আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ বলেন, “চারটি ইউনিয়নে নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। যাঁরা বিরোধিতা করছেন তাঁরা দলের গঠনতন্ত্র সম্পর্কে অজ্ঞ। সম্প্রতি মহাসড়ক অবরোধ করে জনগণকে দুর্ভোগে ফেলা একটি অযৌক্তিক ও নিন্দনীয় কাজ। যারা যোগ্য, তারাই দায়িত্ব পেয়েছেন।”
উল্লেখ্য, গত শনিবার (২৬ জুলাই) ওই চারটি ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে বিএনপির একটি অংশ ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।