প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:৩৯ পিএম

শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, ক্যারিয়ার উন্নয়ন এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে তিনটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ‘তুমিই পারবে’, ‘আচরণেই আত্মপরিচয়’ এবং ‘তোমার পাশে সবসময়’—এই তিনটি শিরোনামে প্রোগ্রামগুলো চালু করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।
সোমবার (২৮ জুলাই) দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই তিনটি প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হবে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশনাল সেমিনার, উচ্চশিক্ষা ও পেশাগত দিকনির্দেশনা, ক্লাসরুম পর্যায়ে আচরণ, শৃঙ্খলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা ও সচেতনতামূলক প্রেজেন্টেশন, শারীরিক ও মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও সহায়তা, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতে, এই কার্যক্রমগুলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে, সঠিক ক্যারিয়ার গড়তে এবং মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে কার্যকর ভূমিকা রাখবে।
ড. মো. রাফিউল হাসান বলেন, “আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও মানসিক দৃঢ়তা গঠনের মাধ্যমে তারা জীবনে সঠিক পথে এগোতে পারবে। এই তিনটি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা পেশাগত জীবনে শৃঙ্খলাপূর্ণ, আত্মপ্রত্যয়ী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে—এটাই আমাদের লক্ষ্য।” শিক্ষার্থীরা যেন নিজেদের সমস্যাগুলো খোলামেলা আলোচনা করতে পারে এবং দ্বিধা কাটিয়ে সিদ্ধান্ত নিতে পারে, সেজন্য ‘তোমার পাশে সবসময়’ প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রোগ্রামগুলো ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ