প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:১৭ পিএম

চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ
চাঁদপুর শহরের হাজী মহসিন রোডে গ্যাস লাইনে লিকেজের কারণে শহরের একটি বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
গতজাল রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লিকেজ থেকে আগুন লাগার পর সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
আজ সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১০টা থেকে ক্ষতিগ্রস্ত অংশে সড়ক কেটে মেরামতের কাজ শুরু হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মেসার্স জিনিয়া এন্টারপ্রাইজের সামনে হঠাৎ গ্যাস লাইন লিক করে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে দ্রুত গ্যাস অফিসে খবর দেন। কয়েকদিন আগেও একই এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছিল।
নতুন বাজার এলাকার বাসিন্দা ফরহাদ উদ্দিন ও মো. বিল্লাল মিজি অভিযোগ করেন, কোনো পূর্ব সতর্কতা বা মাইকিং না করায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এলাকাবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। হোটেল থেকে খাবার কিনতে হয়েছে।
বাখরাবাদ গ্যাসের সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, গ্যাস সরবরাহ লাইনটি অনেক পুরনো এবং সড়ক কয়েকবার উঁচু করায় লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার পর রেললাইনের দক্ষিণ পাশসহ পুরান বাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।
কুমিল্লা আঞ্চলিক অফিসের প্রকৌশলী মাহমুদুজ্জামান বলেন, “রাতে খবর পেলেও কাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে মেরামত কাজ শুরু হয়। কাজ শেষ হলেই সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি। পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন।”