
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালীপুরা এলাকা সংলগ্ন মেঘনা নদীর একটি অবৈধ বালু মহালের কর্তৃত্ব নিয়ে স্থানীয় দুটি সন্ত্রাসী দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে লালু গ্রুপের আব্দুল মান্নান ওরফে শুটার মান্নান(৩৮) প্রতিপক্ষের গুলিতে নিহত ও একই দলের সদস্য হৃদয়বাঘসহ(২৭) কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নিহত মান্নান গজারিয়া উপজেলার জষ্ঠীতলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
আহতরা হলেন:- হৃদয় বাঘ(২৮), আতিকুর(৩০), হাসিব(৩৪), শ্যামল(৩০), নয়ন(২৫), হামীম(৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক এসআই জাহাঙ্গীর আলম খান।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সকাল পৌনে ৯ টার দিকে মেঘনা নদীর বড় কালীপুরা এলাকায় একটি স্পিডবোটকে দেখতে পান তারা। স্পিডবোটে একাধিক যুবক সশস্ত্র অবস্থায় ছিল।
সূত্র আরও জানায়, এই ঘটনার কিছু সময় পরে শুটার মান্নান, হৃদয় বাঘসহ ৭ জন ইঞ্জিন চালিত একটি ট্রলার নিয়ে নদীতে নামলে অন্য একটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা ১৫ থেকে ১৬ জন তাদের ধাওয়া দেয়। আক্রমণকারীরা হেলমেট ও গায়ে জ্যাকেট পরে অস্ত্র নিয়ে তাদের ওপরে হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মান্নানের মরদেহ ট্রলারের ওপরে পরে থাকে। মান্নানের সাথে থাকা বাকি সদস্যরা আহত অবস্থায় প্রাণে বাঁচতে পানিতে লাফ দেন। পরে হামলাকারীরা স্পিডবোট নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চাঁদপুরের দিকে চলে যায়।
সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ও ইমামপুর এলাকা সংলগ্ন মেঘনা নদীর একটি অবৈধ বালুমহালের একক কর্তৃত্ব রয়েছে ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের নিয়ন্ত্রণে। ওই বালু মহালের কর্তৃত্ব নিজেদের নিয়ন্ত্রণে নিতে ইমামপুর ইউনিয়নের অপর সন্ত্রাসী লালু ও শুটার মান্নান গ্রুপের সদস্যরা সোমবার ভোরে নদীতে নামলে প্রতিপক্ষ গ্রুপের আক্রমনের শিকার হয়। এ সময় শুটার মান্নান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, আহত হয়েছে হৃদয়বাঘসহ আরও অনেকে।
নিহতের মান্নানের স্ত্রী সুমি দাবি করছেন, লালু-জুয়েল গ্রুপের লোকজন তার স্বামীকে হত্যা করেছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, ঘটনাস্থলে নৌ-পুলিশের একটি দল রয়েছে। তারা ফিরলে হত্যার সাথে কে বা কারা জড়িত তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এর আগে ১৮ জুলাই শুটার মান্নানের শর্টগানের গুলিতে বাঘাইয়াকান্দী মাছ বাজারে ব্যবসায়ীসহ ৪ জন আহত হন।
স্বদেশ প্রতিদিন/এমএম