প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১:২৪ পিএম আপডেট: ২৮.০৭.২০২৫ ৩:৪৩ PM

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অজ্ঞাত বাল্কহেডের ধাক্কায় মাছধরার এক ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) ভোর রাতের দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন (১৭) ও সুখচর ইউনিয়নের ৮নম্বর ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে মো.আরাফাত (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর তীরে নোঙর করা অবস্থায় ছিল আফছার মাঝির মাছধরার ট্রলার। নোঙর করা ওই ট্রলারে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩ টার দিকে আকস্মিক দক্ষিণ দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কাদেয়। এতে ঘটনাস্থলে ট্রলারটি উল্টে যায়। পরে তাদের চিৎকার শুনে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। ঘটনার পরপরই রাতের আঁধারে বাল্কহেডটি পালিয়ে যায়।এক ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় সাকিব নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে সুখচরের রামচরণ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে নিখোঁজ আরেক জেলে আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়।
নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। গভীর রাতে নোঙর করা ট্রলারে বাল্কহেড ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে