
হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়।
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যশোরের নওয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রলবোমা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ জুলাই) ব্যবসায়ী ও শ্রমিকরা সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। সমাবেশে তারা তিনদিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়।
নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, নৌবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, মটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্রান্সপোর্ট সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে আমদানিকারক, রপ্তানিকারক, ঘাট, মটর শ্রমিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় ব্যবসায়ী নেতারা বলেন, “তিন যুগের বেশি সময় দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপ যশোরের নওয়াপাড়ায় ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়া দেশের আমদানি রপ্তানিতে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। গত ১৮ জুলাই ভোর রাতে ৪ জন দুর্বৃত্তকারী যশোরে নওয়াপাড়া বাজারে অবস্থিত নওয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। এই হামলা ছিল পূর্বকল্পিত। হামলার মূল উদ্দেশ্য নওয়াপাড়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করা। নওয়াপাড়া গ্রুপে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ১০ দিন অতিক্রম হলেও বোমা হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগেছেন।”
তারা আরো বলেন, “যশোরে নওয়াপাড়া মোকাম থেকে দেশের ৬৫ থেকে ৭০ ভাগ সার সরবরাহ করা হয়। যে মুহূর্তে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারকে দেশে খাদ্য-শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে ঠিক সেই সময়ে পূর্বকল্পিত ভাবে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে এই ঘটনা ঘটিয়েছে। যা ব্যবসায়ীদের ভীতসন্ত্রস্ত করে তুলেছে।”
নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আব্দুল আওয়াল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, সার সমিতির সহ সভাপতি মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক মেয়র রবিউল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, হ্যাল্ডলিং শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মাসুদ রানা, নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান মোল্যা, ব্যবসায়ী শেখ আসাদুল্লাহ আসাদ, নূর আলম পাটোয়ারি।