প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৮:৪০ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ৯:১১ PM

স্কুলছাত্রীর আত্মহত্যা
নওগাঁর মান্দায় মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করায় বাবার ওপর অভিমান করে চিঠি লিখে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
গতকাল শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার বড়পই গ্রামে এ ঘটনা ঘটে।
আফরিন আক্তার রিভা পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের আকবর হোসেনের মেয়ে এবং মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে তার বাবা এবং সৎ মা পলাতক রয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, রিভার বাবা আকবর হোসেন স্ব-পরিবার নিয়ে উপজেলার প্রসাদপুর বাজারের পাশে বড়পই গ্রামের হোমিও ডা. আব্দুস সালামের বাসায় ভাড়া থাকতেন। গত তিনদিন আগে আকবর হোসেন রিভার মাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এর কিছুদিন পর দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনা সহ্য না করতে পেরে রিভা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি জানাজানি হলে রিভার লাশ ফেলে রেখে বাবা ও সৎ মা পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রিভার মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর আগে বাবার উদ্দেশ্যে লিখে যাওয়া রিভার চিঠিটি হুবুহু তুলে ধরা হলো।
শ্রদ্ধেয় মো. আকবর হোসেন
মো. আকবর হোসেন আপনি ঠিক কতটা খারাপ হয়ে গেছেন তা বলে বোঝানোর মত না। আপনি অন্য একটা মেয়েকে নিয়ে এসে বলছেন যে আমার মা। আপনি যতটা সহজে কথাটা বলছেন ততটা সহজ কিন্তু না। এখন আমি যদি আপনার মায়ের জায়গায় আরেকটা মেয়েকে নিয়ে এসে বলতাম যে আপনি তাকে মা বলে ডাকবেন পারতেন আপনি মা বলে ডাকতে বলেন পারতেন। আমি দেখছি আমার মা আপনাকে কতটা ভালবেসেছে আর আপনি কতটা আঘাত দিয়েছেন। আপনি ঐ মহিলার মোহে অন্ধ হয়ে আমাদেরকে মিথ্যাবাদী বলছেন আমি কথাটা কখনো কল্পনাও করিনি। আপনি আমার জীবনটাকে তচনচ করে দিছেন। আপনি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিছেন। মানুষ এতটা খারাপ আপনাদের না দেখলে বুঝতে পারতাম না। আর আমার বান্ধবীদেরকে বলব তোরা অনেক ভালো। তোরা আমার জন্য অনেক কিছু করছিস। যা তোদের আমি মুক্তি দিলাম। আর তোদের বিরক্ত করব না। সবাই বলবে মেয়েটা কতো খারাপ ওর জাহান্নামেও জায়গা হবে না। কিন্তু মেয়েটা যে কতো কষ্ট কতো অভিমান আর কতো দুঃখ নিয়ে এই পৃথিবী থেকে গেছে তা আপনারা কি করে বুঝবেন। আর পারভিন মেমকে কে কি বলছে আমি জানি কিন্তু আমি তার নাম বলব না। তো এতটুকুই আর কাউকে বিরক্ত করব না। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া করব।
আর আপনি যে বলছেন আমি কোন ছেলের সাথে কথা বলছি কোনদিন সময় হলে উদয়কে ফোন দিয়ে বইলেন আমি ওকে কতটা ঘৃনা করি আর ওর সাথে কখনো কথা বলছি নাকি। বইলেন সময় করে। তাহলে আপনাদের ভুল ধারণাটা ভাঙবে আরকি। আমি অনেক কষ্ট করছি আরো পরকালে কষ্ট করব। জানি আমি জাহান্নামে যাব কিন্তু আমার তো কিছু করার নাই। সবার কাছে বোঝা আমি। আমি চলে গেলেই সব ঠিক হয়ে যাবে। আপনার তো হিতাহিত জ্ঞান নাই ঐ মহিলার প্রেমে অন্ধ আপনি। আপনি কি জবাব দিবেন কেয়ামতের দিন। আমি শুধু মুক্তি চাই এই দুনিয়া থেকে।
এই চিঠিটা কে পড়ছে জানি না তবে ওই লোক মো. আকবর হোসেন আমার গায়ে যেনো হাত না দেয় আর আমার কবরে মাটি না দেয় নাহলে কিন্তু আমি জাহান্নামেও শান্তি পাব না। অনেক কথা বুকের মধ্যে চেপে নিয়ে আছি আর আমার পক্ষে সম্ভব না এভাবে বেঁচে থাকা। আচ্ছা থাকেন মালাকুল মোউত ডাকছে আমায়।
বিদায়
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর ঘরের দরজা ভেঙে রিভার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে।”