
মানবাধিকার রক্ষায় শুধু আইন প্রণয়ন নয়, প্রয়োজন প্রতিষ্ঠান সংস্কার ও মানবাধিকারের সামাজিক সংস্কৃতি গড়ে তোলা—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল।
শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত ১১তম মানবাধিকার সম্মেলন–২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “মানবাধিকার রক্ষা করা কোনো সহজ কাজ নয়। ইউরোপের অনেক দেশ নিজেদের দেশে মানবাধিকার রক্ষা করলেও অন্য দেশে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে, স্বৈরশাসকদের সহযোগিতা করছে। ফলে মানবাধিকার এখন একটি বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে মানবাধিকারের জন্য অনেক অঙ্গীকার রয়েছে। কিন্তু কোনো সরকারই সেগুলো বাস্তবায়নে আন্তরিক ছিল না। মানবাধিকার নিশ্চিত করতে হলে শুধু আইন নয়, প্রয়োজন সৎ ও কার্যকর প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে মানবাধিকারের প্রতি সম্মানবোধ গড়ে তোলা।”
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল—“Restore Human Rights, Rebuild the Society”। সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত এ সম্মেলনে গুম, বিচারবহির্ভূত হত্যা, মতপ্রকাশের স্বাধীনতা, নারী নির্যাতন, রাষ্ট্রের জবাবদিহিতা প্রভৃতি ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে সচেতন করার নানা কার্যক্রমের কথা তুলে ধরেন এবং জানান, মাঠপর্যায়ে ফ্যাক্ট-ফাইন্ডিং, গবেষণা ও রিপোর্ট প্রকাশের পাশাপাশি তারা নতুন করে “ভিকটিম সাপোর্ট ইউনিট” চালু করেছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল হক, ব্লাস্ট-এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, এইচআরএসএস-এর প্রধান উপদেষ্টা নূর খান এবং ইউএনআরসিও-র সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান।
অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন, যার ফলে মিলনায়তনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। গুম থেকে ফিরে আসা মাইকেল চাকমা ও ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমান তাঁদের অভিজ্ঞতাও জানান।
সম্মেলনের অংশ হিসেবে প্রথমবারের মতো আয়োজিত হয় “হিউম্যান রাইটস অলিম্পিয়াড–২০২৫”। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে এইচআরএসএস-এর চেয়ারপারসন ব্যারিস্টার শাহজাদা আল-আমীন কবীর (সোহেল) মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ