প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:৩০ পিএম

নারী জাগরণ ও সমাজ পরিবর্তনের প্রতীক ‘জুলাই পুনর্জাগরণ’–এর আহ্বানে সাড়া দিয়ে চট্টগ্রামেও অনুষ্ঠিত হলো ‘সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচি।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান। এতে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, এনজিও প্রতিনিধি, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন ও তত্ত্বাবধান ভার্চুয়ালি করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ হন। বক্তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নারী নেতৃত্ব, সামাজিক সাম্য, নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানটি আয়োজন করে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম। সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই শপথ পাঠ কেবল একটি কর্মসূচি নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা,যা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ