প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৭:১১ পিএম আপডেট: ২৫.০৭.২০২৫ ৭:১৫ PM

খসে পড়া পলেস্তারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ৩য় তলার ওয়াশরুমের ছাদের পলেস্তারা খসে পড়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) বেলা এগারোটায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রাকিব জানান, “আমি জুমার নামাজের জন্য গোসল সেরে বের হচ্ছিলাম। হঠাৎ পেছনে বিকট শব্দে কিছু একটা পড়ার আওয়াজ পাই। ফিরে দেখি, আমার মাথার ঠিক পেছনে ছাদ থেকে পলেস্তারা ও একটি ইট খসে পড়েছে। একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই।”
আরেক শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নিরাপত্তা ব্যবস্থা কতটা শোচনীয়। কেবল জিয়াউর রহমান হল নয়, মহসিন হল, এসএম হলসহ আরও অনেক আবাসিক হল দীর্ঘদিন সংস্কারহীন পড়ে রয়েছে। এসব ভবনের অবস্থা এতটাই জীর্ণ যে, সেগুলো এখন শিক্ষার্থীদের জন্য প্রাণঘাতী ঝুঁকিতে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রশাসন বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। সময়মতো সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে সব আবাসিক হলের সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় দায় নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই।”
এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. নাজমুল হোসাইন বলেন, “বিষয়টি অবগত হওয়ার পরপরই আমরা সেখানে লোক পাঠাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আগামীকাল ইঞ্জিনিয়ার এসে বিষয়টি খতিয়ে দেখবে।”
তিনি আরো বলেন, “শুধু নামের কারণে বিগত পনেরো বছরে এই হলের কোন সংস্কার করা হয়নি। এজন্য হলটি আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। খুব দ্রুতই হলের সংস্কার কাজ শুরু হবে। তখন নিরাপত্তাঝুঁকি কমে আসবে।”