প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:৩৫ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ৭:৩৭ PM

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বলে দাবি করেছে আগ্রাসন বিরোধী আন্দোলন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির সদস্য সচিব আল আমিন আতিয়া।
আল আমিন বলেন, বাংলাদেশে প্রাণ না ঝরলে মানুষের টনক নড়ে না। হাজার হাজার শিক্ষার্থীর রক্ত মাড়িয়ে এই সরকার ক্ষমতাসীন হয়েছে। এই সরকারের বয়স অলরেডি এক বছর পার হয়েছে। কিন্তু এখনো তারা প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে পারেনি।
তিনি আরও বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির দুদিন পর আহতদের চিকিৎসার জন্য ভারত থেকে চিকিৎসক আনা হয়েছে। এটি আমাদের চোখে আঙুল দিয়ে স্বাস্থ্য খাতের দুর্বলতা দেখিয়ে দেয়।
সংগঠনটির কেন্দ্রীয় সদস্য তারেক আজীজ বলেন, মাইলস্টোনের ঘটনায় লাশ গুমের কথা উঠছে। ১৯৮০ সালে কেনা এফ ৭ যুদ্ধবিমান ২০২৫ সালেও ব্যবহার হচ্ছে। ১৪০০ শহিদের রক্তের বিনিময়ে আমরা কেমন বাংলাদেশ পেলাম।
তিনি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে বলেন, এসব বিমান দিয়ে আমরা কিভাবে বহিশত্রুর আক্রমণ মোকাবেলা করবো? এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, এই ঘটনা বহির্বিশ্বের কাছে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিহতের প্রকৃত হিসাব চাচ্ছি।
এছাড়াও সংবাদ সম্মেলনে চার দফা দাবি জানান তারা। দাবিগুলো হলো :
১. চীনা প্রযুক্তির মেয়াদোত্তীর্ণ সামরিক সরঞ্জাম আমদানির পূর্ণাঙ্গ তদন্ত।
২. প্রতিরক্ষা নীতিনির্ধারকদের ব্যর্থতার বিষয়ে রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করা।
৩. শিশু শিক্ষার্থীদের মৃত্যুর দায়ে রাষ্ট্রীয়ভাবে দুঃখপ্রকাশ ও ক্ষতিপূরণ নিশ্চিত করা।
৪. বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক, যুগোপযোগী এবং জাতীয় স্বার্থনির্ভর কাঠামোয় রূপান্তরের জন্য জাতীয় প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করা।
স্বদেশ প্রতিদিন/এনআর