প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৬:১৭ পিএম

বেসরকারি কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ময়মনসিংহের ত্রিশালের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে ‘ত্রিশাল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে—এটি সম্পূর্ণ বৈষম্যমূলক এবং দেশের বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থী এতে বঞ্চিত হচ্ছে।”
অভিভাবক শফিউল আজম বিপু বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের এইভাবে বঞ্চিত করা হলে তা ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বৃত্তি পরীক্ষা থেকে তাদের বাদ দেওয়ার অর্থই হলো শিশুদের প্রতিভা বিকাশের পথ রুদ্ধ করা।”
ত্রিশাল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল বলেন, “১৭ জুলাই মন্ত্রণালয়ের নির্দেশনায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এক দেশে দুই নীতি চলতে পারে না। ত্রিশালে প্রায় এক হাজার শিক্ষার্থী এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে।”
মানববন্ধন শেষে শিক্ষার্থীদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারির কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর কবির, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিটন, ত্রিশাল সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হাসান বুলবুল, পারফেক্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল আলম তুহিন, আরক শিক্ষাঙ্গনের প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবীর, বিদ্যাবাড়ী ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান দুর্জয় ইসলাম, মৈত্রী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সাদিকুর রহমান সাদেক এবং অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আবুল বাশার।
বক্তারা হুঁশিয়ারি দেন, “যদি দ্রুত এই সিদ্ধান্ত বাতিল না করা হয়, তাহলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ