প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ২:৫৯ পিএম

কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস ট্রেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির পালের মুখোমুখি হয়। ট্রেনচালক সতর্ক হয়ে ট্রেন থামিয়ে দেন, বাজান হুইসেল। হাতির পাল রেললাইন থেকে সরে গেলেও পেছনে থাকা একটি হাতি ট্রেনের বগিতে ধাক্কা দিলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে। তবে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় সৈকত এক্সপ্রেস। ১০টা ২৫ মিনিটের দিকে লোহাগাড়ার অভয়ারণ্যে পৌঁছানোর সময় ট্রেনটির গতি ছিলো (প্রতিঘণ্টায়) ২০ কিলোমিটার ছিল। হঠাৎ করেই চালক রেললাইনে হাতির পালের দেখা পান। সঙ্গে সঙ্গে তিনি গতি কমানো শুরু করেন। একপর্যায়ে এমার্জেন্সি ব্রেক চেপে ট্রেনটি থামিয়ে ফেলেন। পালে ৪ থেকে ৫টি হাতি ছিলো বলেই জানিয়েছেন চালক।
ট্রেন থামার পর রেললাইনের পশ্চিম পাশের ব্যারিয়ারের ভেতরে থাকা একটি হাতি এসে ট্রেনের একপাশে ধাক্কা দিতে থাকে।
ট্রেনচালক আবদুল আউয়াল গণমাধ্যমকে জানান, হাতি দেখার পর গতি কমানো শুরু করি। একপর্যায়ে জরুরি ব্রেক করি। হাতির কাছাকাছি গিয়ে ট্রেন থামে। পরে টানা হুইসেল দিলে হাতিগুলো রেললাইন থেকে নেমে যায়। তবে এর ১-২ মিনিট পর বগিতে ধাক্কা দেয় একটি হাতি। ট্রেনের গার্ডকে ফোন করে বিষয়টি জানালে দ্রুত ট্রেন চালিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই।
স্বদেশ প্রতিদিন/এমএম