আজ সোমবার (২১ জুলাই) উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট (এসইডিপি) প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে স্কুল, কলেজ ও মাদরাসার ২৭ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “শিক্ষার্থীর সফলতা একটি সমন্বিত প্রচেষ্টার ফল। শুধু শিক্ষকের চেষ্টায় নয়, অভিভাবক ও শিক্ষার্থীর নিজ উদ্যোগও জরুরি। একজন শিক্ষার্থী দিনে মাত্র ৪ ঘণ্টা শিক্ষকের সঙ্গে থাকে, বাকি ২০ ঘণ্টা অভিভাবকের সঙ্গে। সুতরাং সন্তানের ভবিষ্যৎ গঠনে বাবা-মাকে আরও সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, “স্মার্টফোন কাদের হাতে দিচ্ছেন, সেটা নজরে রাখতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কখন ফিরছে—এসব খেয়াল রাখা জরুরি। কারণ আমরা এখন স্মার্ট যুগে চলছি, যেখানে চ্যালেঞ্জও বাড়ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, সঞ্চালনায় শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন ও কুমিল্লা জেলা শিক্ষা অফিসের প্রোগ্রামার রানা কুমার সাহা।
এছাড়াও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমান, আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মহিবুল্লাহ, নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, চাঁন্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উল্যাহ ভূঁইয়া।
কোরআন তেলাওয়াত করেন সিংরাইশ রহমানিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম মোখলেছুর রহমান নোমান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ফারিয়া আক্তার, মাহমুদুল হাসান, তাসফিয়া তাহফিম ও সামিয়া রহমান।
উল্লেখ্য, শিক্ষার্থীদের বিদ্যালয়ে টিকিয়ে রাখা এবং সাফল্যের জন্য উৎসাহ দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের আওতায় প্রতি বছর শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও উপহার প্রদান করা হয়।