প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৮:৪৫ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত হয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাফসি আক্তার রাফিয়া। বর্তমানে সে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। তবে রাফিয়া মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে নিজের নাম-পরিচয় ঠিকমতো বলতে পারছে না। শুধু বারবার বলছে—‘খালপাড় ২ নম্বর ব্রিজ’।
সোমবার (২১ জুলাই) বিকেলে এক গণমাধ্যমকর্মীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট থেকে বিষয়টি জানা যায়। পোস্টে বলা হয়, “Rafsi Akter Rafia, Class: Four, Code: 2357, Milestone School & College। মেয়েটি শুধু ‘খালপাড় ২ নম্বর ব্রিজ’ বলছে। তার মা-বাবার সঙ্গে যোগাযোগে সাহায্য করুন। বর্তমানে সে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে।”
এর আগে দুপুর ১টার পর উত্তরার ১৩ নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে বিমান ও ভবনটিতে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ছিল স্কুলের ক্লাসরুম অংশ। তখন সেখানে বহু শিক্ষার্থী অবস্থান করছিল। আগুনে পুড়ে ঘটনাস্থলে অনেক শিক্ষার্থী হতাহত হয়।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ শুরু করে। পরে বিজিবি, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও অভিযানে যোগ দেন। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্বদেশ প্রতিদিন/এনআর