প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১২:০৯ পিএম

নরসিংদী কারাগার
নরসিংদী জেলা কারাগারে নজিরবিহীন হামলার এক বছর পেরিয়ে গেলেও লুট হওয়া সব অস্ত্র ও পলাতক বন্দীদের এখনো গ্রেপ্তার করা হয়নি।
২০২৪ সালের ১৯ জুলাই, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সে হামলায় ৮২৬ জন বন্দী পালিয়ে যায়। হামলাকারীরা লুট করে নেয় ৮৫টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৮ হাজার রাউন্ড গুলি। একই সঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় প্রায় ২৯ হাজার মামলার নথিপত্র।
কারা সূত্র জানায়, পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখন পর্যন্ত ৬৪৬ জন আদালতে আত্মসমর্পণ করেছে এবং ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পলাতক রয়েছে ১২২ জন। লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে মাত্র ৫১টি, বাকি ৩৪টি আগ্নেয়াস্ত্র এখনও নিখোঁজ।
হামলার পর কিছুদিন বন্দীদের আশপাশের জেলা কারাগারে স্থানান্তর করা হলেও বর্তমানে নরসিংদী জেলা কারাগার পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে। ধারণক্ষমতা ৩৪৪ জন হওয়া সত্ত্বেও বর্তমানে ৯০০ জনের বেশি বন্দী রয়েছে।
তবে হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর স্থায়ী মেরামত এখনো সম্পন্ন হয়নি। ফলে কারাগারে পলেস্তারা খসে পড়া, দেয়ালে ফাটলসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা রয়ে গেছে।
জেল সুপার মো. শামীম ইকবাল বলেন, “সেদিনের হামলায় পুড়ে যাওয়া ২৯ হাজার মামলার নথিপত্র হারিয়ে যাওয়ায় বন্দীদের পরিচয় শনাক্ত, মামলার ধরন ও সাজা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে আদালতের সহায়তা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হারানো তথ্য উদ্ধারের কাজ চলছে।”
এদিকে, ভবিষ্যতে নিরাপত্তা জোরদার করতে নরসিংদী শহরের বাইরে শিবপুরের কামারগাঁও এলাকায় নির্মাণাধীন আধুনিক কারাগারের কাজ চলমান রয়েছে। ২০ একর জমির ওপর নির্মিত এই কারাগারে এক হাজার বন্দী ধারণের সুযোগ থাকবে।
প্রকল্পটি ২০২৬ সালের জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর।
স্বদেশ প্রতিদিন/এমএএম