প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:৪১ পিএম

সংগৃহীত ছবি
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার্থীদের শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই বার্তা প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। এই সময়ের মধ্যে শুধু প্রবেশপত্র ও কালো কালির বলপেন সঙ্গে রাখা যাবে। সকাল ৯টা ৩০ মিনিটে মূল গেট বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনোভাবেই কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো সামগ্রী নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।
প্রবেশপত্রে যে পরীক্ষাকেন্দ্রের নাম দেওয়া থাকবে, সেটি যাচাই করে সঠিক কেন্দ্রে যেতে হবে। ভুল কেন্দ্রে গেলে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হবে না।
১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্র, আসনবিন্যাস এবং অন্যান্য তথ্য যথাসময়ে পিএসসি ও টেলিটক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।
পিএসসি আগেই জানিয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এবং মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।