প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১১:৫৯ AM

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইউএনও এম রকিবুল হাসান জানান, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শহরের পৌর পার্কে একটি পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। এই কর্মসূচিকে বানচাল করার উদ্দেশ্যে গান্ধিয়াশুর এলাকায় তার গাড়ি বহরে হামলা চালানো হয়। হামলায় কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর