প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:২৩ পিএম

নাটোর সদর উপজেলার মোহনপুর গ্রামে দুই নারীর ওপর গরম পানি ও মরিচের গুঁড়া মিশিয়ে হামলার ঘটনায় আহত এক নারীকে উন্নত চিকিৎসা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
জানা গেছে, গত ২৬ জুন সন্ধ্যায় মোহনপুর গ্রামের হালিমা ও শাহানাজ নামে দুই নারীকে স্থানীয় দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে গরম পানি ও মরিচের গুঁড়া তাদের শরীরে ঢেলে দেয় এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে দুইজনই গুরুতর আহত হন।
পরে সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে এবং নাটোর সদর থানায় হস্তান্তর করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: সুলতান হোসেন, তার স্ত্রী আয়মনা বেগম, ছেলে লালচাঁন, প্রতিবেশী সাইফুল ইসলাম ও তার স্ত্রী শীলা খাতুন এবং পন্ডিতগ্রামের শাকিদা খাতুন।
আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলেও অপরজন এখনও গুরুতর অবস্থায় রয়েছেন। তার চিকিৎসায় পরিবার এরই মধ্যে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ব্যয় করেছে। পরে সেনাপ্রধানের নির্দেশনায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। যেখানে তিনি বর্তমানে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ ধরনের অপরাধে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ ও চিকিৎসা সহায়তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং দেশের জন্য একটি উদাহরণ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ