প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৮:০৮ পিএম

প্রধান শিক্ষকের চেয়ারে বসে অফিসকক্ষের আসবাবপত্র ভাঙচুর
বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসে অফিসকক্ষের আসবাবপত্র ভাঙচুর করেছে এক মাদকসেবী।
আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গ্রাম ইউনিয়নের ৭১ নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে।
বিদ্যালয়ের দপ্তরি আইয়ুবুর রহমান জানান, ওই গ্রামের আউয়ালের মাদকাসক্ত ছেলে শরিফ (২৮) প্রায় সময়ই বিদ্যালয়ে এসে দপ্তরি আইয়ুবুর রহমান সহ প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার খানম এর কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। তাকে টাকা না দিলে সে প্রধান শিক্ষিকাকে মারধর করতে চায় এবং প্রাণনাশের হুমকি দেয়।
তিনি আরো জানান, আজ দুপুরেও শরিফ বিদ্যালয়ে প্রবেশ করে দপ্তরি আইয়ুবুর রহমানের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। আইয়ুবুর রহমান টাকা না দিলে তাকে মারধর করে। পরে শরীফ প্রধান শিক্ষকের চেয়ারে বসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সে বিদ্যালয়ের অফিসকক্ষে থাকা ফুলদানিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। তাছাড়া প্রধান শিক্ষিকার পার্স থেকে নগদ টাকাও ছিনিয়ে নেয়। এ সময় প্রধান শিক্ষিকাসহ দুই-একজন অভিভাবক তাকে বাধা দিতে গেলে সে মারমুখী হয়ে ওঠে।
উল্লেখ্য, এ ব্যাপারে কথা বলার জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার খানমের মুঠোফোনে বারবার কল দেয়ার চেষ্টা করলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।