প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:৪৮ পিএম

জজ আদালতের কাঠগড়া থেকে চুরির মামলার এক আসামি পালিয়ে যাওয়ায় ঘটনা ঘটেছে
নরসিংদীর জেলা জজ আদালতের কাঠগড়া থেকে চুরির মামলার এক আসামি পালিয়ে যাওয়ায় ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টা দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
আইনজীবী ও পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট কোর্টের কাঠগড়ায় অন্যান্য আসামিদের সাথে রায়পুরা থানার গ্রেফতারকৃত আসামি রিয়াজুল ইসলাম হৃদয়কেও রাখা হয়। ঘটনার সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার সন্দেহভাজন আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়। সে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।
উল্লেখ্য, আসামি হৃদয়কে গত ৭ জুলাই একটি অটোরিকশা চুরি মামলার সন্দেহ ভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে রায়পুরা থানা পুলিশ।
নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, “পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে।”