প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:২৮ AM

রংপুরে বালুভর্তি একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৩। শুক্রবার (১১ জুলাই) রাত ১১ টার দিকে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের নব্দীগঞ্জ এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লালমনিরহাট থেকে একটি বালুভর্তি ট্রাক বগুড়ার উদ্দেশে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করছে। এরপর তিস্তা সড়ক সেতু থেকে ট্রাকটিকে ফলো করে নব্দীগঞ্জ এলাকায় চেকপোস্ট বসিয়ে আটক করা হয়।
ট্রাকটি (ঢাকা মেট্রো-ব-১৬-২৬৪৫) তল্লাশি করে বালুর নিচে লুকানো ২০টিরও বেশি ছোট-বড় বস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট পরিমাণ জানানো না হলেও ধারণা করা হচ্ছে, এটি একটি বড় চালান।
র্যাব আরও জানায়, ট্রাকটিতে কোনো মাদককারবারি না থাকলেও চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে মাদকচক্রের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কয়েকজন মাদক ব্যবসায়ীর নামও তারা জানিয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
আটক ট্রাক ও ব্যক্তিদের র্যাবের মাহিগঞ্জ ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম