প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১০:১৩ পিএম

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ফটকে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে ভিসি চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভে ঢাবি শিক্ষার্থী ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, সারাদেশ চাঁদাবাজের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রত্যেকটা জেলায়-বন্দরে নির্বিচারে চাঁদাবাজি করতেছে। গত পরশুদিন পুরান ঢাকায় চাঁদা না দেওয়ায় মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে একজনকে হত্যা করেছে যুবদল। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
বিক্ষোভে বিএনপিকে উদ্দেশ্য করে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আপনারা নিজেদের রাজনীতির গুনগত পরিবর্তন আনতে পারছেন না। আমরা আপনাদের শত্রু না। আপনারা মজলুম ছিলেন জালিম হইয়েন না। বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করা হয়, চাঁদা না দেওয়ার জাহিলিয়াতের মতো পাথর মেরে হত্যা করা হয়। এই অত্যাচার কেউ সইবে না। নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন ছিনতাই হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, অভ্যুত্থানের পরে বিএনপি দেড়শোর ওপরে লাশ উপহার দিয়েছে। খুনীদের বিচার করতে হবে। জুলাই সনদ ঘোষণা করতে হবে। বেকারদের কর্মসংস্থান করতে হবে। নির্বাচনের জন্য লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা বের হয় নাই। দেশকে সুন্দর করে সাজাতে হবে, সংস্কার না করে নির্বাচনের কথা চিন্তা কিরা যায় না। কোনো দখলদার, চাঁদাবাজদের হাতে দেশকে তুলে দিব না।
স্বদেশ প্রতিদিন/এনআর