
সপ্তাহজুড়ে টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। ঢাকায় বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম- যা এখন প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, বৃষ্টিকে অজুহাত করে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) কারওয়ান বাজার, খিলক্ষেত, মিরপুরসহ ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আগের তুলনায় সবজির দাম কেজিতে ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
সবজির বর্তমান বাজারদর (প্রতি কেজি): কাঁচা মরিচ ২৫০ থেকে ৩০০ টাকা, টমেটো ৯০ থেকে ১২০ টাকা, বেগুন ৯০ থেকে ১০০ টাকা, করলা ৮০ টাকা, পটোল/ঝিঙে/ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা, কচুমুখি/কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকা, সজনেডাটা ১২০ থেকে ১৪০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা পেঁপে/কাঁচকলা (হালি) ৩০ থেকে ৪০ টাকা এবং বরবটি ৬০ টাকা।
খিলক্ষেত বাজারের সবজি বিক্রেতা আবির রাহান বলেন, ‘যে কাঁচামরিচ গতকাল ১০০ টাকা কেজি ছিল, সেটা আজ কিনতে হয়েছে ২৮০ টাকায়। ঢাকার বাইরে থেকে পণ্য ঠিকমতো আসছে না, বৃষ্টির কারণে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। পাইকারি বাজারে দাম চড়েছে, তাই খুচরা বিক্রেতারাও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।’
আরেক বিক্রেতা করিম বলেন, ‘বন্যা আর বৃষ্টির কারণে সরবরাহ কম, ফলে বাজারে চাহিদা বাড়ছে- স্বাভাবিকভাবেই দামও বাড়ছে।’
বাজারে এখনো তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে আলু, ডাল, মসলা, মাছ ও মাংসের দাম। দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা, আদা ১৩০ থেকে১৫০ টাকা, রসুন (দেশি) ১২০ থেকে ১৫০ টাকা, রসুন (আমদানি) ১৯০ থেকে ২০০ টাকা, মসুর ডাল (চিকন) ১৪০ টাকা, মসুর ডাল (মোটা) ১১৫ থেকে ১২০ টাকা, ডিম (ডজন) ১২৮ থেকে ১৩০ টাকা।
মাছ ও মাংসের দাম:গরুর মাংস: ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা।
ইলিশ (১ কেজি) ২২০০ থেকে ২৪০০ টাকা, রুই/কাতল ৩০০ থেকে ৪৫০ টাকা, চিংড়ি/ট্যাংরা ৮০০ থেকে ১২০০ টাকা, তেলাপিয়া/পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকা।
অনেক ক্রেতা অভিযোগ করছেন, আবহাওয়ার অজুহাত দেখিয়ে অপ্রয়োজনে দাম বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। সরকারের বাজার মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম