প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১২:২৫ AM

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে চাওয়ার পর সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নিরাপত্তার স্বার্থে কারাগারের একক সেলে (সেলুলার কারাগার) স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে জুলাই হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেন মামুন। আদালতে তিনি বলেন, “আমি এই ঘটনায় অপরাধবোধে ভুগছি। সত্য জানার অধিকার জনগণের আছে। আমি সব খুলে বলতে চাই।” এরপর তিনি নিজেকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করার আবেদন করেন।
আবেদনের পর বিকেলে তাকে ট্রাইব্যুনাল থেকে সরাসরি কারাগারের নিরাপদ একটি পৃথক সেলে নিয়ে যাওয়া হয়।
মামুনের আইনজীবী ট্রাইব্যুনালে বলেন, “তিনি এখনো অন্যান্য বন্দিদের সঙ্গে থাকেন, যা তার জন্য নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি করছে। রাজসাক্ষী হওয়ার পর তার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
এ প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মামুনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং তাকে একক সেলে রাখার আদেশ দেন।
সাবেক এই আইজিপি দীর্ঘদিন ধরেই আলোচিত জুলাই হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন। এবার নিজের জবানবন্দিতে কী তথ্য দেন এবং তদন্ত কত দূর গড়ায়, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
স্বদেশ প্রতিদিন/এনআর