প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৯:০২ AM

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ বৃহস্পতিবার (১০ জুলাই)। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল দুপুর ২টায় প্রকাশ করা হবে। ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
শিক্ষা বোর্ডগুলো পৃথকভাবে তাদের নিজ নিজ ফল প্রকাশ করবে। পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে।
মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করে ফল জানা যাবে। এছাড়া নির্ধারিত শর্টকোড ১৬২২২-তে এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে। ফল নিয়ে বিস্তারিত জানাতে দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডে- আন্ত:শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
গত ১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।
স্বদেশ প্রতিদিন/এমএম