প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯:১৬ পিএম

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুই ঘণ্টার ব্যবধানে দুইবার আগুন লাগার ঘটনা ঘটেছে।
নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুই ঘণ্টার ব্যবধানে দুইবার আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) প্রথম দফায় ভোর সোয়া ৬ টায় এবং দ্বিতীয় দফায় সকাল ৯ টায় তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যাটারি হাউজে এ আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুস সহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর সোয়া ৬ টায় পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার খবরে ঘটনাস্থলে উপস্থিত। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যাটারি হাউসে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় কেন্দ্রের তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষকে ব্যাটারিগুলো সরিয়ে ফেলার জন্য বললেও কর্তৃপক্ষ সেগুলো না সরানোর ফলে দুই ঘণ্টার ব্যবধানে সকাল ৯ টায় একই ব্যাটারি হাউসে দ্বিতীয় দফায় আগুনের ঘটনা ঘটে।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। দ্বিতীয় দফা আগুন নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিস কর্মীদেরকে বেগ পেতে হয়।
আবদুস সহিদ বলেন, “ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় ও গ্যাসের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে দ্বিতীয় দফা আগুন লাগার ঘটনাটি অসাবধানতার কারণে ঘটেছে বলে মনে করছি। কেননা প্রথমবার আগুন লাগার পর আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে দুইটি সারিতে রাখা ব্যাটারিগুলোর মধ্য থেকে দ্বিতীয় সারির ব্যাটারিগুলো সরিয়ে ফেলার জন্য বললেও কর্তৃপক্ষ সেগুলো সরায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে।”
এ ব্যাপারে ঘোড়াশাল তার বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান ভারপ্রাপ্ত প্রৌকশলী এনামুল হকের সাথে যোগাযোগ করলে এ বিষয়ে তিনি কোন কথা বলতে পারবেন না বলে জানান।