প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯:১২ পিএম আপডেট: ০৮.০৭.২০২৫ ৯:১৬ PM

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ। ভারি বৃষ্টিপাত ও ভারতীয় উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানিয়েছেন ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান। তিনি জানান, টানা দুই দিন ধরে জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং আগামী ২-৩ দিন তা অব্যাহত থাকতে পারে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, বিকেল ৪টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। তিনি সতর্ক করে বলেন, পানি বাড়তে থাকলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
টানা বর্ষণের ফলে ফেনী শহরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা গেছে, ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, একাডেমি, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ী, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলা এলাকাসহ অনেক নিচু সড়ক পানিতে তলিয়ে গেছে। দোকানপাটে পানি ঢুকে মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, অতিবৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি বন্ধ হলে পানি নামতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পৌরসভার সাতটি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।
স্বদেশ প্রতিদিন / কেআইকে