প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১:২৮ পিএম

বিশ্ব ক্রিকেটে এক অনন্য নজির গড়ার সুযোগ ছিল তার সামনে- ৪০০ রান করে কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড ছোঁয়ার, কিংবা সেটাকে ছাপিয়ে যাওয়ার। বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে কোয়াড্রুপল সেঞ্চুরির গৌরব অর্জনের পথেও ছিলেন। কিন্তু ঠিক তখনই অবাক করে সবাইকে থামলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার।
ব্যক্তিগত ৩৬৭ রানে অপরাজিত থাকার সময় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন অধিনায়ক মুল্ডার নিজেই। তাতেই অক্ষত থাকল ব্রায়ান লারার ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা ইতিহাসগড়া ৪০০ রানের ইনিংসের রেকর্ড।
লারাকে শ্রদ্ধা জানিয়ে সিদ্ধান্ত
মুল্ডার বলেন, ‘ব্রায়ান লারা একজন কিংবদন্তি। তাঁর ৪০০ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। আমি মনে করি, এমন রেকর্ড কিংবদন্তিদের কাছেই থাকা উচিত। আমি আমাদের কোচ শুকরি কনরাডের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনিও বলেছেন, ‘লারার কাছেই রেকর্ডটা থাক।’ আমি যদি ভবিষ্যতেও এমন সুযোগ পাই, সম্ভবত তখনও একই কাজ করব।’
যদিও লারার রেকর্ড স্পর্শ করেননি, তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে মুল্ডার এখন ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক। তিনি ছাড়িয়ে গেছেন হাশিম আমলার ৩১১ রানের রেকর্ড ইনিংসকেও।
মুল্ডার নিজের অধিনায়কত্ব অভিষেকে ব্যাট হাতে গড়েছেন আরও একটি অনন্য কীর্তি- তিনি ইতিহাসের প্রথম অধিনায়ক, যিনি টেস্ট অভিষেকে করেছেন ট্রিপল সেঞ্চুরি।
স্বদেশ প্রতিদিন/এমএম