প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১:০৫ পিএম

কক্সবাজারের হিমছড়ি সৈকতে স্নান করতে নেমে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিভাগের ৩ শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান।
নিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। তার বাড়ি ঢাকার মিরপুরে, বাবার নাম কে এম আনিছুর রহমান। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন অরিত্র হাসান ও আসিফ আহমেদ, দুজনেই বগুড়ার বাসিন্দা।
জানা গেছে, তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন। তারা বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন এবং হিমছড়ি সৈকতে স্নান করতে নামলে এই দুর্ঘটনা ঘটে।
চবি’র সহকারী প্রক্টর এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, ‘সোমবার রাতে প্রথম বর্ষের চার শিক্ষার্থী কক্সবাজারে যায় নিজেদের উদ্যোগে। আজ সকালে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। অন্যদের উদ্ধারে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী ইতোমধ্যে কক্সবাজার রওনা হয়েছেন।’
এদিকে, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় উদ্ধারকারী দল নিখোঁজ দুই শিক্ষার্থীকে খুঁজে পেতে অভিযান চালাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এমএম