প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১২:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌথবাহিনীর মাদকবিরোধী নিয়মিত অভিযানে নারীসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আশুগঞ্জ বাজারের হাজী জাকির মার্কেটে অবস্থিত ‘শাহজালাল পাখির মেলা’ নামক দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তৈয়ব আলীর ছেলে জসিম উদ্দিন ওরফে পাখি জসিম এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মো. গোলাম হোসেনের মেয়ে হোসনা আক্তার।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পাখি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে এ দুজন অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল ওই দোকানে অভিযান চালায়।
অভিযানে পাখি জসিমের দোকান থেকে ৬৬৫ পিস ইয়াবা, ১ লাখ ৩৯ হাজার ৯১৭ টাকা নগদ, তিনটি স্মার্টফোন, একটি ওয়াকি-টকি মোবাইল ফোন, একটি হ্যান্ডকাফ এবং ৬টি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের জব্দকৃত মালামালসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্বদেশ প্রতিদিন/এমএম