
ফাইল ছবি
বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম আরও আটটি দেশে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এসব দেশ হলো—যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, জর্ডান ও ওমান।
সংশ্লিষ্ট কার্যক্রম শুরুর লক্ষ্যে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে, এসব দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর জন্য নির্বাচন কমিশনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সোমবার সন্ধ্যায় বলেন, ‘আমরা আটটি দেশে নতুন করে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়েছি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ পাঠানো হয়েছে। কিছু দেশে কাজও শুরু হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছি।’
তিনি আরও জানান, চলতি মাসেই জাপানে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম উদ্বোধন হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি।
এ সংক্রান্ত একটি চিঠি গত ২ জুলাই পররাষ্ট্র সচিব বরাবর পাঠিয়েছে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এতে বলা হয়েছে, প্রবাসীদের এনআইডি প্রদানে বিশ্বের ৪০টি দেশে কার্যক্রম চালু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
অবশিষ্ট ৩১টি দেশে পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক, মিশরসহ আট দেশকে প্রাধান্য দিয়ে অনুমতির জন্য অনুরোধ করা হয়েছে।
ইসির তথ্যমতে, বিদেশে বর্তমানে প্রায় ৪৭ হাজার ৩২ জন বাংলাদেশি নাগরিক ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ২৯ হাজার ৫৬৩ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে এবং ২০ হাজার ৪৫১ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। আবেদন বাতিল হয়েছে ৩ হাজার ৬৭৭ জনের।
নির্বাচন কমিশন মনে করছে, এই কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির প্রক্রিয়া আরও জোরদার হবে এবং তারা জাতীয় পরিচয়পত্রের সুবিধা ভোগ করতে পারবেন।
স্বদেশ প্রতিদিন/এনআর